ডাকঘর
পরিবারের ছদ্মবেশে মাদক চক্র
মাদকদ্রব্য সমাজের জন্য এক নীরব অভিশাপ। এটি কেবল একটি অবৈধ পণ্যই নয়, এটি মানবস্বাস্থ্য, পরিবারব্যবস্থা এবং সামাজিক স্থিতির ওপর নীরব আঘাত। বর্তমানে শহর মানে শহর ও গ্রামের বহু লোকালয়ের পরিবারতন্ত্রের ছদ্মবেশে মাদকচক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। স্বামী-স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া নিয়ে গৃহস্থালির স্বাভাবিকতার আড়ালে চালিয়ে যাচ্ছে মাদকের গোপন বাণিজ্য। প্রতিবেশীদের চোখের সামনেই দরজা খোলা হয়, বন্ধ হয়, বাজারের ব্যাগ ওঠানামা করে, অতিথি আসে সবকিছুই যেন সাধারণ জীবনের দৃশ্য। অথচ সেই স্বাভাবিকতার ভেতরেই গড়ে উঠছে একটি বিষাক্ত নেটওয়ার্ক, যা ধীরে ধীরে গ্রাস করছে তরুণ প্রজন্ম, পরিবার ও সামাজিক নিরাপত্তাকে। এখনই এসব চক্র থামাতে না পারলে মাদকের বিষক্রিয়া ছড়িয়ে পড়বে সমাজের প্রতিটি রন্দ্রে রন্ধে। যার ফল ভবিষ্যতে ভয়াবহ হতে চলেছে। তাই এ মাদকচক্রগুলোকে কঠোর হাতে দমন করতে এবং যথাযথ শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
প্রজ্ঞা দাস
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ
proggadas2005@gmail.com
Post a Comment