ভেজালের বিষফোঁড়া
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২ এএম
এখন এক অদৃশ্য আতঙ্কের নাম ভেজাল পণ্য। খাদ্য থেকে প্রসাধনী, ওষুধ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কোথাও নেই ভেজালহীনতার নিশ্চয়তা। প্রতিদিন মানুষ বাজার থেকে খাবার কিনে নিয়ে গিয়ে ভাবছে তারা পুষ্টি নিচ্ছে, অথচ অজান্তেই শরীরে ঢুকছে বিষ। দুধে ফর্মালিন, মাছে কার্বাইড, তেলে রং, মসলায় ইটের গুঁড়া এই ভয়াবহ ভেজাল এখন কেবল পণ্যে সীমাবদ্ধ নেয়, মিশে গেছে প্রতিটি মানুষের রক্তে। ফলে পেটের সমস্যা বা গ্যাস্ট্রিক, ক্যানসার, কিডনির সমস্যা, প্রজনন ক্ষমতা হ্রাস, শিশুদের বিকাশে বাধা এবং সর্বোপরি আকস্মিক মৃত্যুর ঘটনাও ঘটছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। এ যেন এক মহামারি, যা প্রতিদিন নিঃশব্দে গ্রাস করছে সাধারণ মানুষের স্বাস্থ্য, জীবন আর আস্থা। এ অবস্থা চলতে থাকলে একসময় পুরো জাতিই অসুস্থ হয়ে পড়বে, ধ্বংস হয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্ম। তাই সাধারণ মানুষের নিত্যদিনের চাহিদা পূরণে ভেজালমুক্ত ও নিরাপদ পণ্য নিশ্চিত করতে বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
প্রজ্ঞা দাস
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ

Post a Comment